বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটে জনগণের ৭০% ভাগ রায় বাস্তবায়ন করতে আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি স্পষ্ট,সাতদফা দাবি কোনো দলীয় দাবি নয়, এগুলো জনগণের দাবি।
আজ ৩১ অক্টোবর শনিবার দুপুর দেড়টায় ফকিরহাটের নওয়াপাড়া মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত অনির্ধারিত পথসভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের দাবি মানবিক বাংলাদেশ গঠনের দাবি, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের দাবি। চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনের দাবি। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনের দাবি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের দাবি।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দাবি ন্যায্য দাবি। জনগণ যেহেতু রাস্তায় নেমেছে এ দাবি আদায় হবে ইনশাআল্লাহ।
এরপর ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। পরে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্টান্ডের স্বাধীনতা চত্বরের পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। এরপর যশোরের মুড়লীর মোড়; ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও লংমার্চ রুটের বিভিন্ন স্থানের গণজমায়েত স্থলে অনানুষ্ঠানিক বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ। রাস্তার দুধারে দাঁড়িয়ে স্থানীয় সংগঠনের ১১ দলের নেতাকর্মীদের দেয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।
এর আগে আজ সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে লংমার্চের বহর শরীয়তপুরের জাজিরার নাওডোবায়, ফরিদপুরর ভাঙায় এবং গোপালগেঞ্জের কাশিয়ানিতে এক পথসভায় যোগ দেয়।
উল্লেখ্য, দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ করে চট্টগ্রাম অভিমুখে, দ্বিতীয়টি ১৯ সেপ্টেম্বর করে রংপুর অভিমুখে।


Discussion about this post