কাতার দূতাবাসের সামনের সড়কটি কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে নামকরণের প্রস্তাব দিলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
জাতীয় সংসদে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসের সামনের সড়কটি কাতারের সাবেক আমীর, আধুনিক কাতারের রূপকার ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে নামকরণের প্রস্তাব দিয়েছেন।
এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধি অনুসারে জাতীয় সংসদে অবিলম্বে আলোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ১৪ জুলাই, ২০২৬ তারিখে একটি নোটিশ প্রদান করেছেন।
প্রদত্ত নোটিশে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেন,
“শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তিকাল করেছেন, যা মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের জন্য গভীর শোকের বিষয়।”
আমীরে জামায়াত আরও বলেন, “কাতারের মরহুম আমিরের দূরদর্শী নেতৃত্বেই কাতার বিশ্বপরিসরে একটি আধুনিক, সমৃদ্ধ ও প্রভাবশালী দেশে পরিণত হয়েছে। এবং তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। তাছাড়া বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, দীর্ঘমেয়াদি এলএনজি সহযোগিতা, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কাতারে কর্মরত লাখো বাংলাদেশি প্রবাসীর মাধ্যমে দেশের অর্থনীতিতে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়।
এই বাস্তবতায় তাঁর স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বীকৃতিস্বরূপ ঢাকায় অবস্থিত কাতার দূতাবাস সড়কটি ‘শেখ হামাদ বিন খলিফা আল থানি সড়ক’ নামে নামকরণের বিষয়টি রাষ্ট্রীয়ভাবে বিবেচনা করা প্রয়োজন।”

Discussion about this post